খেলা
পেনাল্টির আগে নরওয়ের গোলরক্ষককে কী বলেছিলেন নেইমার?
নরওয়ের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক নিতে এগিয়ে আসেন নেইমার জুনিয়র। নির্ভুল শটে বল জালে জড়ানোর পরই তিনি সরাসরি এগিয়ে যান নরওয়ের গোলরক্ষক ওর্ইয়ান নিলান্ডের দিকে। এ সময় দুজনের মধ্যে উত্তেজনাপূর্ণ কথোপকথন ও খোঁচাখুঁচির দৃশ্য দেখা যায়।
ব্রাজিলের একটি টেলিভিশন অনুষ্ঠানের বিশ্লেষণ অংশে প্রকাশিত ফুটেজে ম্যাচ শেষে নেইমার ও নিলান্ডের মধ্যকার সেই মুহূর্ত সামনে আসে। সেখানে দেখা যায়, পেনাল্টি নেওয়ার আগে ও পরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
পেনাল্টির আগে নেইমার গোলরক্ষককে উদ্দেশ করে বলেন, ‘কোথায় নিতে চাও? কোথায় চাও?’
জবাবে নিলান্ড বলেন, ‘পোস্টে, পোস্টে।’
এরপর গোল করার পর নেইমার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমার সঙ্গে না, আমার সঙ্গে না, বোকা।’
তবে নেইমারের এই গোলও শেষ পর্যন্ত ব্রাজিলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি। ম্যাচে ২–১ গোলে হেরে যায় তারা।
ম্যাচের প্রথমার্ধেই একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করে ব্রাজিল। ব্রুনো গিমারায়েসের নেওয়া শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নিলান্ড।
এই হারের ফলে বিশ্বকাপ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো ব্রাজিলের। সর্বশেষ ২০০২ সালে শিরোপা জিতেছিল দলটি। এরপর থেকে আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি তারা। ফলে শিরোপা খরা দীর্ঘ হয়ে দাঁড়িয়েছে ২৮ বছরে, যা দলটির ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধান।