খেলা

শেষ ষোলোতেই বিদায়, ৩৬ বছরের সবচেয়ে বাজে বিশ্বকাপ ব্রাজিলের


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম

শেষ ষোলোতেই বিদায়, ৩৬ বছরের সবচেয়ে বাজে বিশ্বকাপ ব্রাজিলের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওদের প্রতিটি আসরেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ধরা হয়। তবে ২০২৬ বিশ্বকাপে সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে লাতিন আমেরিকার এই পরাশক্তি।

বিদেশি কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন যুগের সূচনার আশা থাকলেও শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয়েছে ব্রাজিলের। শেষ ষোলো পর্বে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই হারের ফলে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগেই ছিটকে গেল ব্রাজিল। ইতালিতে অনুষ্ঠিত সেই আসরে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলোতেই বিদায় নিয়েছিল সেলেসাওরা। এরপর টানা নয়টি বিশ্বকাপে অন্তত শেষ আটে জায়গা নিশ্চিত করেছিল দলটি।

সাম্প্রতিক চার বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা শেষ হয়েছিল কোয়ার্টার ফাইনালে। ২০০৬ সালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস, ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় তারা। আর ২০১৪ সালে নিজেদের মাটিতে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের লজ্জাজনক পরাজয়ের ম্যাচেও সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল ব্রাজিল।

কিন্তু ২০২৬ বিশ্বকাপে সেই ধারাবাহিকতাও ধরে রাখতে পারেনি আনচেলত্তির শিষ্যরা। একই সঙ্গে ২০০২ সালের পর নকআউট পর্বে ইউরোপীয় দলের বিপক্ষে জয়ের অপেক্ষাও আরও দীর্ঘ হলো তাদের।

বিশ্বকাপে ব্রাজিলের শেষ ১০ আসরের ফলাফল:
১৯৯০: শেষ ষোলো (আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হার)
১৯৯৪: বিশ্বচ্যাম্পিয়ন
১৯৯৮: রানার্স-আপ
২০০২: বিশ্বচ্যাম্পিয়ন
২০০৬: কোয়ার্টার ফাইনাল (ফ্রান্সের কাছে হার)
২০১০: কোয়ার্টার ফাইনাল (নেদারল্যান্ডসের কাছে হার)
২০১৪: সেমিফাইনাল (জার্মানির কাছে ৭-১ গোলে হার)
২০১৮: কোয়ার্টার ফাইনাল (বেলজিয়ামের কাছে হার)
২০২২: কোয়ার্টার ফাইনাল (ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হার)
২০২৬: শেষ ষোলো (নরওয়ের কাছে ২-১ গোলে হার)