খেলা

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বিপাকে নরওয়ের একাধিক ফুটবলার


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বিপাকে নরওয়ের একাধিক ফুটবলার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নরওয়ে জাতীয় দলে অসুস্থতার ছায়া নেমে এসেছে। আগামী শনিবার (১১ জুলাই) মিয়ামিতে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের একাধিক ফুটবলার ফ্লুতে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন।

কোচ জানান, দলীয় শিবিরে কিছুটা অসুস্থতা ছড়িয়ে পড়েছে। তবে ম্যাচের আগে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নরওয়েজিয়ান সংবাদমাধ্যম ডাগব্লাডেটের খবরে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে রয়েছেন স্ট্রাইকার ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন, যিনি দলের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি। এছাড়া ডিফেন্ডার মার্কুস হোমগ্রেন পেডারসেন অসুস্থ থাকায় ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও মাঠে নামা হয়নি তার।

তবে সামগ্রিক পরিস্থিতি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন কোচ সোলবাক্কেন। তিনি বলেন, কয়েকজন খেলোয়াড় এখনও পুরোপুরি সুস্থ না হলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিষয়টি গুরুতর নয়, মূলত হালকা কাশি ও গলা ভাঙার সমস্যা দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, বিমান ভ্রমণ, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং দলীয় পরিবেশের কারণে এমনটা হওয়া অস্বাভাবিক নয়। ৫০ জনের বেশি সদস্যের দলে সামান্য অসুস্থতা থাকাটাই স্বাভাবিক।

এদিকে বিশ্বকাপে চমক দেখিয়ে ইতোমধ্যে ফুটবল বিশ্বে আলোচনায় উঠে এসেছে নরওয়ে। বিশেষজ্ঞদের ধারণাকে ছাপিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। তার দুর্দান্ত নৈপুণ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে উঠেছে নরওয়ে।