খেলা
‘শিরোপা এখন ফিলিস্তিনিদের বন্ধুদের হাতে’, স্পেনকে অভিনন্দন জানাল ইরান
২০২৬ বিশ্বকাপে স্পেনের ঐতিহাসিক শিরোপা জয়ের পর অভিনন্দন জানিয়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এক বার্তায় স্পেন দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই জয় শুধু ক্রীড়া সাফল্য নয়, বরং নৈতিক অবস্থানেরও প্রতিফলন।
স্পেনের ফুটবল সংস্থার প্রধান রাফায়েল লুজানের কাছে পাঠানো চিঠিতে তাজ উল্লেখ করেন, জায়নবাদী দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে স্পেনের জনগণ ও সরকারের দৃঢ় অবস্থান বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। তিনি বলেন, এই শিরোপা এমন একটি জাতির হাতে গেছে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পিছপা হয়নি।
বার্তায় তাজ আরও বলেন, স্পেনের এই জয় তাদের ইচ্ছাশক্তি, যোগ্যতা, সংহতি ও সহনশীলতার অনন্য উদাহরণ। মাঠের নৈপুণ্যের সঙ্গে সাহস ও বীরত্বের যে মিশেল তারা দেখিয়েছে, তা বিশ্ব ফুটবলে বিশেষ দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি উল্লেখ করেন, স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ শুধু তাদের পারফরম্যান্সের কারণে নয়, বরং ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণেও বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। এতে করে স্পেন মুক্তিকামী মানুষের কাছ থেকে সম্মান অর্জন করেছে।
তাজ আরও বলেন, ফুটবল তখনই তার সর্বোচ্চ মর্যাদা পায়, যখন এটি শুধু খেলাধুলায় সীমাবদ্ধ না থেকে জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব, ন্যায়বিচার, শান্তি ও সংহতির বার্তা বহন করে।
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন।