খেলা

পলিথিনের ব্যাগে বিশ্বকাপ ট্রফি বহন! কুকুরেয়ার কাণ্ডে নেটদুনিয়ায় তোলপাড়


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

পলিথিনের ব্যাগে বিশ্বকাপ ট্রফি বহন! কুকুরেয়ার কাণ্ডে নেটদুনিয়ায় তোলপাড়
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ জয়ের পর স্পেন দলের উদযাপন ঘিরে একের পর এক আলোচিত ঘটনা সামনে আসছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন দলের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। স্টেডিয়াম ত্যাগ করার সময় তার হাতে থাকা একটি সাদা পলিথিন ব্যাগ ঘিরেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, কুকুরেয়ার হাতে থাকা ব্যাগের ভেতরে একটি বস্তু রয়েছে, যা দেখতে অনেকটা বিশ্বকাপ ট্রফির মতো। বিষয়টি সামনে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই প্রশ্ন তোলেন, বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক ট্রফি কি সত্যিই একটি সাধারণ পলিথিন ব্যাগে করে নিয়ে যাওয়া হচ্ছে?

তবে পরবর্তীতে জানা যায়, সেটি আসল ট্রফি নয়। ধারণা করা হচ্ছে, এটি বিশ্বকাপ ট্রফির আদলে তৈরি একটি খেলনা প্রতিরূপ। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ নিশ্চিত তথ্য দেয়নি।

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর স্পেন দলের খেলোয়াড়রা যখন উচ্ছ্বাসে মেতে ওঠেন, ঠিক সেই সময়ই কুকুরেয়ার হাতে থাকা এই অদ্ভুত বস্তুটি ভক্তদের নজর কাড়ে। ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয় হাস্যরসাত্মক প্রতিক্রিয়া।

অনেকে মজা করে মন্তব্য করেন, বিশ্বকাপের মতো ঐতিহাসিক ট্রফিও যেন কুকুরেয়ার হাতে সাধারণ একটি জিনিসে পরিণত হয়েছে। তবে পরে বিষয়টি পরিষ্কার হওয়ায় বিভ্রান্তির অবসান ঘটে।

সূত্র: দ্য সানডে গার্ডিয়ান।