খেলা
নিজের পারফরম্যান্সেও সন্তুষ্ট নন ভিনিসিয়ুস
হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও প্রত্যাশিত সূচনা করতে পারেনি ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় হাতছাড়া করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আর দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট নন ম্যাচসেরা হওয়া তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রও।
নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিজেদের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি ব্রাজিলকে। বলের দখল রাখলেও আক্রমণে ধার ছিল না সেলেসাওদের খেলায়। এর সুযোগ নিয়ে ম্যাচের প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় প্রতিপক্ষ। পিছিয়ে পড়ার পর চাপে পড়ে ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও কাঙ্ক্ষিত জয় আর তুলে নিতে পারেনি তারা।
ম্যাচ শেষে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও তার হাতে পুরস্কার তুলে দেন। কিন্তু ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েই বেশি চিন্তিত রিয়াল মাদ্রিদের এই তারকা।
ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেন, *“আমার মনে হয় এখনও উন্নতির অনেক জায়গা আছে। আমি গোল করেছি, কিন্তু নিজের শতভাগ দিতে পারিনি। আক্রমণে আরও কার্যকর হওয়া উচিত ছিল। যদিও রক্ষণে কিছুটা অবদান রাখতে পেরেছি।”*
দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা সমালোচনাও করেন তিনি। তার ভাষায়, *“প্রথমার্ধে আমরা খুব খারাপ খেলেছি। শুরুতেই গোল খাওয়ায় ম্যাচ কঠিন হয়ে যায়। বিশ্বকাপের প্রথম ম্যাচে ছন্দ খুঁজে পাওয়া সহজ নয়। আমাদের বলের নিয়ন্ত্রণ ধরে রেখে দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণ গড়তে হবে, কারণ প্রতিপক্ষ রক্ষণাত্মক থেকে পাল্টা আক্রমণের কৌশল নেয়।”*
আগামী ম্যাচের দিকে তাকিয়ে ভিনিসিয়ুস বলেন, *“এখন কথার চেয়ে কাজ জরুরি। পরের ম্যাচ খুব দ্রুত চলে আসবে। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের আরও উন্নতি করতে হবে।”*
অন্যদিকে ব্রাজিলের মিডফিল্ডার ডগলাস লুইজ প্রথম ম্যাচের ফলাফলে ইতিবাচক দিক খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, *“এটি আমাদের প্রথম ম্যাচ ছিল এবং প্রতিপক্ষও ছিল শক্তিশালী। আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, তবে পিছিয়ে থেকেও ড্র করা দলের আত্মবিশ্বাস বাড়াবে।”*
তিনি আরও যোগ করেন, *“আমরা জয়ের জন্য লড়াই করেছি। এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নিতে হবে, তবে সামনের ম্যাচগুলোতে আরও ভালো খেলতে হবে।”*
গ্রুপ সি থেকে প্রথম ম্যাচে ১ পয়েন্ট পাওয়া ব্রাজিল এখন তাকিয়ে দ্বিতীয় ম্যাচের দিকে। আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়া হাইতির বিপক্ষে জয় তুলে নেওয়া ব্রাজিলের জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেক্সার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে পরের ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই।