খেলা
২০২৬ বিশ্বকাপের এক ম্যাচেই মেসির ৪ গিনেস রেকর্ড
বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি যেন প্রতিনিয়ত নিজের কিংবদন্তিকে আরও সমৃদ্ধ করে চলেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে জোড়া গোল করে দলকে নকআউট পর্বে তোলার পাশাপাশি এক ম্যাচেই গড়েছেন চারটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
টেক্সাসে অনুষ্ঠিত গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের সবচেয়ে উজ্জ্বল নাম ছিলেন অধিনায়ক মেসি, যার দুই গোলেই নিশ্চিত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের শেষ ৩২-এর টিকিট।
আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছেন মেসি। এর মধ্য দিয়ে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
শুধু তাই নয়, ব্রাজিলের নারী ফুটবল কিংবদন্তি মার্তার ১৭ গোলের রেকর্ডও পেছনে ফেলে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি অর্জন করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
জয়সংখ্যার দিক থেকেও নতুন ইতিহাস গড়েছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে এই জয়টি ছিল বিশ্বকাপে তার ১৮তম জয়, যা মিরোস্লাভ ক্লোসার ১৭ জয়ের রেকর্ডকে ছাড়িয়ে নতুন মানদণ্ড স্থাপন করেছে।
এছাড়া ম্যাচটিতে মাঠে নামার মধ্য দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন তিনি। এখন পর্যন্ত বিশ্বকাপে তার ম্যাচসংখ্যা দাঁড়িয়েছে ২৮, যা এই আসরের ইতিহাসে সর্বোচ্চ।
আরেকটি অনন্য মাইলফলক এসেছে মাঠে কাটানো সময়ের হিসাবে। বিশ্বকাপে মোট ২ হাজার ৪৮৯ মিনিট খেলে ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির ২ হাজার ২১৭ মিনিটের রেকর্ডও ভেঙে দিয়েছেন মেসি।
এক ম্যাচেই চারটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন, বিশ্বকাপের ইতিহাসে তার নাম শুধু একজন মহান ফুটবলারের নয়, বরং এক অনন্য যুগের প্রতীক। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি আর্জেন্টিনাকে শিরোপা ধরে রাখার লড়াইয়েও তিনি এখনও দলের সবচেয়ে বড় ভরসা হয়ে আছেন।
সূত্র: এনডিটিভি