খেলা
বিশ্বকাপ থেকে বিদায় সৌদি আরবের, ব্যর্থতার দায় নিয়ে ফুটবল প্রধানের পদত্যাগ
বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, জাতীয় দলের পারফরম্যান্স দেশের প্রত্যাশার অনেক নিচে ছিল এবং সেই দায়ভার তিনি নিজেই নিচ্ছেন।
আল-মিসেহাল লিখেছেন, ‘বিশ্বকাপের পরবর্তী পর্বে উঠতে না পারা আমাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে যায় না। আমি এই ব্যর্থতার পূর্ণ দায়িত্ব নিচ্ছি এবং সৌদি ফুটবলকে আরও ভালো অবস্থানে দেখতে চাওয়া সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’ তিনি আরও জানান, দায়িত্ববোধ থেকেই বর্তমান মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
গত সাত বছর ধরে সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন আল-মিসেহাল। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র দুই মাস আগে হার্ভে রেনার্ডের পরিবর্তে জর্জিওস ডনিসকে প্রধান কোচ নিয়োগের সিদ্ধান্ত দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকেই।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ফুটবলে বিপুল বিনিয়োগ করেছে। দেশটির ক্লাবগুলো ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়রসহ বিশ্বের শীর্ষ তারকাদের দলে ভিড়িয়েছে। কিন্তু সেই বিনিয়োগের প্রতিফলন জাতীয় দলের পারফরম্যান্সে দেখা যায়নি।
এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে শেষ ম্যাচ পর্যন্ত নকআউটে ওঠার সুযোগ ছিল সৌদি আরবের। তবে কেপ ভার্দের বিপক্ষে জয়ের প্রয়োজন থাকলেও ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকেই বিদায় নেয় দলটি। একই গ্রুপ থেকে দুই পয়েন্ট নিয়ে বিদায় নেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েও।