খেলা

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের বিতর্ক সেই রেফারি  


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের বিতর্ক সেই রেফারি  
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের নাটকীয় জয়ের পর মাঠের উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়া।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার পর থেকেই লেতেক্সিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ক্ষোভের ঝড় ওঠে। ক্ষুব্ধ সমর্থকদের ট্রল ও আক্রমণাত্মক মন্তব্যে প্রথমে তিনি পোস্টের মন্তব্য করার সুযোগ সীমিত করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দেন এই ফরাসি রেফারি।

ম্যাচের একাধিক সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়। বিশেষ করে মিশরের খেলোয়াড় ও সমর্থকরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় যোগ করা সময়ের একটি ঘটনা।

মিশরের দাবি, ডি-বক্সের ভেতরে তাদের একটি স্পষ্ট পেনাল্টি প্রাপ্য ছিল। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপরই দ্রুত পাল্টা আক্রমণ থেকে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে তুলে দেন।

বিতর্কটি সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষোভের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মিশরীয় ফুটবল ফেডারেশন রেফারিং নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে।

ফেডারেশনের দাবি, ম্যাচে রেফারি ও তার পুরো অফিশিয়েটিং দলের একাধিক গুরুতর এবং পক্ষপাতমূলক ভুল সিদ্ধান্তের কারণে অন্যায়ভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মিশরকে। তারা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ফিফার প্রতি আহ্বান জানিয়েছে।