বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর, অনিবন্ধিত ফোন নিবন্ধনের সময় বেড়ে মার্চ পর্যন্ত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ এএম

১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর, অনিবন্ধিত ফোন নিবন্ধনের সময় বেড়ে মার্চ পর্যন্ত
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) আগামী ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। তবে সাধারণ মানুষের সুবিধার জন্য এনইআইআর চালুর পরও আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত দেশে থাকা অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

মোবাইল বিজনেস কমিউনিটির সঙ্গে তিন দিনের ধারাবাহিক বৈঠক শেষে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নেয়।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনইআইআর চালুর উদ্দেশ্য—

- চোরাচালান করা মোবাইল ফোন নিয়ন্ত্রণ

- ক্লোনড ও বিদেশি পুরোনো ফোন প্রবেশ রোধ

- মোবাইল ফোন ছিনতাই কমানো

- অনলাইন জুয়া ও বিভিন্ন ডিজিটাল অপরাধ প্রতিরোধ

- এমএফএস ও মোবাইল ব্যাংকিং জালিয়াতি কমানো

এনইআইআর সক্রিয় হলে প্রতিটি মোবাইল ডিভাইসের পরিচয় নিবন্ধন বাধ্যতামূলক হবে। ফলে অবৈধ ফোন বাজার এবং ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

আগে নির্দেশনা দেওয়া হয়েছিল, ১৬ ডিসেম্বরের মধ্যেই সব অনিবন্ধিত ফোন নিবন্ধন করতে হবে। কিন্তু ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শেষে দেখা যায়, বাজারে থাকা বিপুল সংখ্যক অনিবন্ধিত ডিভাইস অল্প সময়ে নিবন্ধন করা সম্ভব নয়। তাই সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়—

- মোবাইল ফোন আমদানিতে কোনো বাধা থাকবে না।

- কত পুরোনো বা কোন মডেলের ফোন আমদানি করা যাবে-ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে।

- আমদানির বিষয়ে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষকে অবশ্যই অবহিত করতে হবে।

- এ বিষয়ে সব পক্ষকে বৃহস্পতিবারের মধ্যে লিখিতভাবে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।

এ ছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনর্বিন্যাসের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে, যেখানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মধ্যস্থতা করবে। আমদানিকারক ও উৎপাদনকারীরাও যৌথভাবে সরকারকে প্রস্তাব দেবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ ডিসেম্বর এনইআইআর-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশসহ ব্যবসায়িক সংগঠনগুলোর নেতারা উপস্থিত থাকবেন এবং সিদ্ধান্তকে সমর্থন জানাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনইআইআর চালুর মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগকে ব্যাহত করার যে কোনো অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।