শিল্প-সংস্কৃতি

শনিবার ধানমন্ডিতে শুরু হচ্ছে ‘ষষ্ঠ রেখা- দ্য মার্জিন অব মেমরিজ’ চিত্র প্রদর্শনী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:২২ পিএম

শনিবার ধানমন্ডিতে শুরু হচ্ছে ‘ষষ্ঠ রেখা- দ্য মার্জিন অব মেমরিজ’ চিত্র প্রদর্শনী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সমকালীন শিল্পচর্চায় এক নতুন মাত্রা যোগ করতে ধানমন্ডিতে শুরু হচ্ছে ব্যতিক্রমধর্মী দলীয় চিত্র প্রদর্শনী ‘ষষ্ঠ রেখা – The Margin of Memories’। শিল্পগোষ্ঠী স্টুডিও ৬বি–এর আয়োজনে আগামী শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর গ্যালারি চিত্রকে এই প্রদর্শনীর উদ্বোধন হবে।

প্রদর্শনী চলবে ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লেখক, ফটোগ্রাফার ও শিল্পসমালোচক এম. এ. তাহের।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পসমালোচক ও প্রাবন্ধিক মঈনুদ্দিন খালেদ, আর অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখবেন লেখক ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের তথ্য ও গণমাধ্যম উপদেষ্টা তাওহীদ ফিরোজ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ গোস্বামী এবং চারুকলা অনুষদের শিক্ষার্থী প্রতিনিধি রাকিন নওর।

প্রদর্শনীর আয়োজক ও কিউরেটর হলেন আলভি সাকিব, যিনি স্টুডিও ৬বি–এর প্রতিষ্ঠাতা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “ষষ্ঠ রেখা – The Margin of Memories” কেবল একটি শিল্প প্রদর্শনী নয়, বরং সময়, স্মৃতি ও মানবিক অভিজ্ঞতার সংলাপ। এতে অংশ নেওয়া বরেণ্য ও উদীয়মান শিল্পীরা তাদের ভিজ্যুয়াল ভাষায় তুলে ধরেছেন সময়, স্মৃতি ও অস্তিত্বের বহুমাত্রিক অভিব্যক্তি।