ক্যাম্পাস

ডাকসু নির্বাচন ঘিরে সাইবার হামলার শিকার ছাত্রদল-শিবিরের প্রার্থীরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

ডাকসু নির্বাচন ঘিরে সাইবার হামলার শিকার ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তেজনা। এবার নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ সময়ে সাইবার হামলার অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই তাদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের অ্যাকাউন্ট সকালেই ডিজেবল হয়ে যায়। যদিও কিছু সময় পর পুনরুদ্ধার করা সম্ভব হয়, তবে দুপুরের পর আবারও তার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়। একইভাবে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামীম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদের অ্যাকাউন্টও একাধিকবার ডিজেবল হয়ে পড়ে। পরে সেগুলো ফেরত পাওয়া গেলেও প্রার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন, যেকোনো সময় আবারও এমন হামলা হতে পারে।

এ বিষয়ে ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, “আমার আইডিটিও লক করা হয়েছিল। কষ্ট করে পুনরুদ্ধার করতে পেরেছি। কতক্ষণ টিকে থাকবে জানি না। আবিদ ভাই এবং হামীমের আইডি ভেরিফায়েড থাকলেও বারবার আক্রমণের শিকার হয়েছে। আমার আইডি ভেরিফায়েড নয়। যারা মনে করছেন এভাবে আমাদের হারানো সম্ভব, তারা বোকার স্বর্গে বাস করছেন। ঢাবির শিক্ষার্থীরা এই সাইবার আক্রমণ ও চলমান সাইবার বুলিংয়ের যথাযথ জবাব দেবে।”

অন্যদিকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের অ্যাকাউন্টও একইভাবে ডিজেবল হয়ে যায়। এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খান এবং শিবিরের ঢাকা মহানগর সভাপতি রেজাউল করীম শাকিলের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়ার অভিযোগ উঠেছে।

শিবির প্রার্থী সাজ্জাদ হোসাইন বলেন, “আমার ফেসবুক আইডি সাইবার আক্রমণের মাধ্যমে সাসপেন্ড করা হয়েছে। শুধু আমি নই, আমাদের প্যানেলের আরও কয়েকজন প্রার্থী ক্রমাগত সাইবার আক্রমণের মুখে রয়েছেন।”

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগ নতুন কিছু নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের প্রচারণা ব্যাহত করার লক্ষ্যে এ ধরনের সাইবার হামলার অভিযোগে নির্বাচন ঘিরে এক নতুন মাত্রা যুক্ত হলো।