ক্যাম্পাস
‘জাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি’ অভিযোগ তুলে বামপন্থী প্যানেলের ভোট বর্জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ করেছে বামপন্থী শিক্ষার্থী সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির ঐক্য ফোরাম’।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন প্যানেলের নেতারা।
সংবাদ সম্মেলনে ফোরামের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান বলেন, “নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা নানা ধরনের অস্বচ্ছতা ও অনিয়ম লক্ষ্য করেছি। নির্বাচনী প্রচারণার সময় আচরণবিধি বারবার লঙ্ঘন হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। ৯ সেপ্টেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করার কথা ছিল। কিন্তু অনেক প্রার্থী সেই টেস্টই করেনি, আবার যারা করেছে তাদের ফলাফল এখনো প্রকাশ করেনি কমিশন। এতে নির্বাচন কমিশনের প্রতি শিক্ষার্থীদের আস্থা নষ্ট হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “কেন্দ্রগুলোতে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ভোটারদের হাতে চিরকুট লিখে দিয়েছে, যা নির্বাচনী শৃঙ্খলার পরিপন্থী। আমরা মনে করছি, নির্বাচন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হয়নি।”
শরণ এহসান বলেন, “রাত দুইটার দিকে জানানো হয় প্রার্থীরা পোলিং এজেন্ট রাখতে পারবে। কিন্তু আজ সকালে যখন আমাদের এজেন্টরা কেন্দ্রে প্রবেশ করতে যায়, তখন তাদের নানা ভাবে হয়রানি করা হয়। এমনকি কয়েকটি হলে আমাদের প্যানেলের এজেন্টদের ঢুকতেও দেওয়া হয়নি। প্রশাসন আমাদের আশ্বস্ত করলেও ততক্ষণে ভোটগ্রহণ চলতে থাকে। এ ধরনের আচরণ নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।”