ক্যাম্পাস
চবিতে তৃতীয় হওয়া শিক্ষার্থী রাবির ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই–ডিপশেক) প্রযুক্তি ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে জানা যায়, ওই শিক্ষার্থী এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা চলাকালে রাবির স্যার জগদ্বিশচন্দ্র বসু একাডেমিক ভবনে তাকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আটক পরীক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা। তার বাবার নাম সাহা চঞ্চল কুমার এবং বাড়ি খুলনায়। তিনি ঢাকার বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী ছিলেন এবং এর আগে ইংলিশ মিডিয়ামেও পড়াশোনা করেছেন। এই শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান লাভ করেন।
চবির ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়ার পর দিব্য জ্যোতি সাহা নিজের ফেসবুক আইডিতে লেখেন—“পুরাই আনএক্সপেকটেড, চট্টগ্রাম ঘুরতে গিয়ে তৃতীয় হওয়ার যে ব্যাপারটা।” ওই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চবির পরীক্ষাতেও তিনি মোবাইল ব্যবহার করেছিলেন কি না—এ নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, যেহেতু সংশ্লিষ্ট শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়েছেন এবং চবির পরীক্ষায় তৃতীয় হয়েছেন, তাই বিষয়টি সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটি ও ডিনরা দেখবেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান বলেন, “পরীক্ষা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। কিন্তু প্রথম শিফটে একজন পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করার সময় ধরা পড়ে। পরে দ্বিতীয় শিফটেও আরেকজনকে মোবাইলসহ আটক করা হয়। এই ঘটনায় মামলা করা হবে এবং ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অনিয়মে না জড়ায়, সে জন্য আমি নিজে বাদী হয়ে মামলা করব।”
উল্লেখ্য, রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এ পর্যন্ত মোট পাঁচজনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কেন্দ্র থেকে, একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং বাকি দুজনকে রাবি ক্যাম্পাসে পরীক্ষা দেওয়ার সময় আটক করা হয়।