ক্যাম্পাস

কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
ছবিঃ ঢাকা প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও কোষাধ্যক্ষ (ট্রেজারার) নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দুই শিক্ষককে এ দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ তিনটি প্রশাসনিক পদেই দায়িত্ব পালন করবেন কুবির নিজস্ব শিক্ষকরা।

সোমবার (২৭ জুলাই) শিক্ষামন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারকে উপ-উপাচার্য এবং অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত-২০১৩) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়। তারা যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সে পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং চীনের উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ট্যুরিজম মার্কেটিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর ৩০টির বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বিভাগীয় প্রধান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল সদস্য, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক, শিক্ষক সমিতির আহ্বায়ক এবং উচ্চশিক্ষা সেলের তত্ত্বাবধায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে চীনের শিয়ামেন ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিষয়ে তার উচ্চতর পেশাগত যোগ্যতা রয়েছে। তাঁর ৪১টির বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। এর আগে তিনি বিভাগীয় প্রধান, ডিন, একাডেমিক কাউন্সিল সদস্য, অর্থ কমিটির সদস্য, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালকসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপাচার্য, নবনিযুক্ত উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানেই নবনিযুক্ত দুই কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতিকে সামনে রেখে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত। নানা প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতির বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, নবনিযুক্ত দুই প্রশাসনিক কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শৃঙ্খলা, আর্থিক ব্যবস্থাপনা ও সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা করছেন। তিনি তাদের সফলতা কামনা করে বিশ্ববিদ্যালয়কে একটি মডেল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।