রাজধানী

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানী ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মোট ১৪ প্লাটুন বিজিবি মাঠে রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন, আর গাজীপুর ও নারায়ণগঞ্জে একটি করে প্লাটুন দায়িত্ব পালন করছে। বিজিবি মাঠে নামায় রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাস, ট্রাক ও প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে—পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাজধানীবাসীকে আশ্বস্ত করে বলেন, “রাজধানীতে শঙ্কার কোনো কারণ নেই। নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে পুলিশ সতর্ক রয়েছে এবং সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।”

তিনি আরও জানান, গত কয়েক দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও আকস্মিক মিছিলে জড়িত সন্দেহে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে এসে হামলায় অংশ নেয়। হেলমেট ও মাস্ক পরে সংগঠিতভাবে এসব নাশকতা চালানো হচ্ছে, এমনকি এতে অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

রাজধানীবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, “অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না, নিজের গাড়ি বা মোটরসাইকেল অন্য কাউকে ব্যবহারের জন্য দেবেন না। কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখলে দ্রুত নিকটস্থ থানায় জানান। দেখা গেছে, যেসব বাসে আগুন দেওয়া হয়েছে, তার বেশিরভাগই ছিল অরক্ষিত ও কম যাত্রীবাহী।”

তিনি জোর দিয়ে বলেন, “নাশকতাকারীদের দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য। আমরা চাই, নাগরিকরা সচেতন হোন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন। ঢাকাবাসী ঐক্যবদ্ধ থাকলে কোনো বিশৃঙ্খল শক্তিই রাজধানীতে অস্থিরতা তৈরি করতে পারবে না।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসন বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিজিবি, পুলিশ ও র‍্যাবের যৌথ টহল অব্যাহত থাকবে যতদিন না পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়।