রাজধানী

শাহজালাল বিমানবন্দরে ভারত-ফেরত মাহদীকে জিজ্ঞাসাবাদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

শাহজালাল বিমানবন্দরে ভারত-ফেরত মাহদীকে জিজ্ঞাসাবাদ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান ভারত থেকে দেশে ফেরার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা তার পাসপোর্ট ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করেন। পরে কোনো নতুন অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ইমিগ্রেশনে পৌঁছানোর পর মাহদী হাসানকে স্বাভাবিক প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে একটি মামলায় জামিনে থাকার তথ্য থাকলেও বর্তমানে নতুন কোনো অভিযোগ না থাকায় তাকে আটক না রেখে যেতে দেওয়া হয়েছে।

এর আগে ভারতীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার ফ্লাইট ধরতে দিল্লি বিমানবন্দরে গেলে সেখানকার ইমিগ্রেশন পুলিশ তাকে সাময়িকভাবে আটক করে। ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।

ওই সময় ফেসবুক লাইভে এসে মাহদী বলেন, “আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে, তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাব। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি আমার দেশের দূতাবাসের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে।” পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে তাকে দেশে পাঠানো হয় বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণ আটক হওয়ার ঘটনায় সেখানে যান মাহদী হাসান। সে সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উদ্দেশ করে প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করলেও আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগেই তিনি জামিনে মুক্তি পান।

সর্বশেষ ভারত সফর শেষে দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে তার জিজ্ঞাসাবাদ ও ছেড়ে দেওয়ার ঘটনায় রাজনৈতিক ও ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।