রাজধানী

এস আলমের কাছে ইসলামী ব্যাংকসহ পাঁচ ব্যাংকের মালিকানা ফেরাতে চাকরিচ্যুতদের অবস্থান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম

এস আলমের কাছে ইসলামী ব্যাংকসহ পাঁচ ব্যাংকের মালিকানা ফেরাতে চাকরিচ্যুতদের অবস্থান
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের কাছে ইসলামী ব্যাংকসহ পাঁচ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার সকাল ১০টার দিকে দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।

অংশগ্রহণকারীরা ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক-এর চাকরিচ্যুত কর্মীরা এতে অংশ নেন।

বিক্ষোভকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে চাকরিচ্যুতদের পুনর্বহাল, ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ পূর্বের মালিকপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া এবং বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা।

স্থানীয় সূত্রে জানা যায়, অংশগ্রহণকারীদের একটি বড় অংশ পটিয়া এলাকার বাসিন্দা, যেখানে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাড়ি।

আন্দোলনকারীরা দাবি করেন, হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তারা দ্রুত পুনর্বহাল ও ব্যাংকের নিয়ন্ত্রণ পুনর্বিবেচনার দাবি জানান।

তবে সংশ্লিষ্ট ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই ও মূল্যায়ন পরীক্ষার ভিত্তিতেই নিয়োগ ও চাকরি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষায় অংশ না নেওয়া বা সনদে অসঙ্গতি পাওয়া কর্মীদেরই চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি তাদের।

সূত্র আরও জানায়, এর আগে এসব ব্যাংকের আর্থিক অনিয়ম ও বিপুল অঙ্কের অর্থ স্থানান্তরের অভিযোগে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। পরে কয়েকটি ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যেও যায় এবং কিছু ব্যাংক স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

অবস্থানের শেষ পর্যায়ে আন্দোলনকারীরা ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে স্থান ত্যাগ করেন।