রাজধানী
মিরপুরে ৭ মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন, একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা
রাজধানীর মিরপুরে কয়েক মিনিটের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার পর মিরপুর ১১ নম্বর ও মিরপুর ১ নম্বর এলাকায় আলাদাভাবে বাস দুটিতে আগুনের ঘটনা ঘটে।
সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর ১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১ নম্বর মোড়ে অভিযাত পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
তবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানিয়েছেন, মিরপুর ১ নম্বরের বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আগুনে বাসটি পুড়ে যায়নি।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে অভিযাত পরিবহনের বাসটিতে আগুন লাগার কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই বলে জানা গেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে বাসটি পোড়েনি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।