অপরাধ
শেখ হাসিনা–জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় আহত বা ভুক্তভোগীর অস্তিত্ব না পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ১১৩ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ সংক্রান্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ঢাকার একটি বিচারিক আদালতে দাখিল করা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ৩ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট কাজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকার ধানমন্ডি-২৭ এলাকায় গুলিবিদ্ধ হন সাহেদ আলী নামের এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ধানমন্ডি থানায় শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।
তবে তদন্তকালে পিবিআই অভিযোগে উল্লিখিত আহত ব্যক্তি বা কোনো ভুক্তভোগীকে খুঁজে পায়নি। পাশাপাশি মামলার তথ্যে একাধিক অসঙ্গতি পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এসব কারণে তথ্যগত ভুল ও অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় শেখ হাসিনাসহ মামলার সব আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে তদন্তকারী সংস্থা।