অপরাধ
গাইবান্ধায় গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার, পাশেই পড়ে ছিল স্বামীর পুরুষাঙ্গ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ভাড়া বাসা থেকে ববিতা খাতুন (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা আমলাগাছী এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি বিচ্ছিন্ন পুরুষাঙ্গও উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী হারুন মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশ আমলাগাছী এলাকার ওই ভাড়া বাসায় পৌঁছায়। সেখানে ঘরের ভেতর বিছানার ওপর ববিতা খাতুনের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তল্লাশির সময় মরদেহের পাশেই একটি কাটা পুরুষাঙ্গ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উদ্ধারকৃত পুরুষাঙ্গটি ববিতার স্বামী হারুন মিয়ার।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে একপর্যায়ে ববিতা তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন বলে ধারণা করা হচ্ছে। এরপরই ক্ষিপ্ত হয়ে হারুন তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। পুলিশ এই ঘটনার নেপথ্যে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।