অপরাধ
নিজের স্ত্রীসহ একাধিক তরুণীর নগ্ন ছবি ধারণ, টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তরুণীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তাদের আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ এবং পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (০৯ জুন) গসন্ধ্যায় নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আলিফ হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ এলাকার আজহারুল ইসলামের ছেলে।
এর আগে সোমবার (০৮ জুন) টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নওগাঁর ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নওগাঁর ধামইরহাট উপজেলার এক তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।
পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানার একটি বিশেষ দল আধুনিক তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করে। পরে টাঙ্গাইলের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আলিফের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক তল্লাশিতে ওই তরুণীর পাশাপাশি আরও কয়েকজন নারীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে আলিফ স্বীকার করেছে যে, সে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে কৌশলে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করত। পরবর্তীতে এসব উপকরণ ব্যবহার করে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে চাপ প্রয়োগের চেষ্টা করত বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নারী ও শিশুদের বিরুদ্ধে পর্নোগ্রাফিসহ যেকোনো ধরনের সাইবার অপরাধ ও সামাজিক ব্যাধি কঠোরভাবে দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য ও সম্ভাব্য ভুক্তভোগীদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।