শিক্ষা
পলিটেকনিকে ভর্তিতে আসছে নতুন নিয়ম, কার্যকর হতে পারে আগামী শিক্ষাবর্ষেই
দেশের কারিগরি শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে পলিটেকনিক ইনস্টিটিউটসহ সব সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার ব্যবস্থা চালুর চিন্তা-ভাবনা করছে সরকার। সম্ভাব্যভাবে নতুন এই নিয়ম আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হতে পারে।
সোমবার (২৬ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে ভর্তি নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে প্রকৃত আগ্রহী ও প্রস্তুত শিক্ষার্থীরাই কারিগরি শিক্ষায় যুক্ত হতে পারবে।”
তিনি জানান, বর্তমানে শুধুমাত্র এসএসসি পাস করলেই পলিটেকনিকে ভর্তির সুযোগ রয়েছে। তবে এতে অনেক সময় অপ্রস্তুত ও অনুৎসাহী শিক্ষার্থীরা ভর্তি হয়, যা কোর্সের ফলাফল এবং শিক্ষা মানে নেতিবাচক প্রভাব ফেলে। ভর্তি পরীক্ষার মাধ্যমে সঠিক যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের নির্বাচন করলে শিক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।
ভর্তি পরীক্ষার প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বাকি ৩০ নম্বর নির্ধারিত হবে একাডেমিক (এসএসসি) ফলাফলের ভিত্তিতে।
নতুন এই উদ্যোগ কারিগরি শিক্ষার মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সচিব।