শিক্ষা

নকল করলে চার বছরের জন্য পরীক্ষায় নিষেধাজ্ঞা: এনইউ-এর কঠোর সতর্কবার্তা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৩:২৫ পিএম

নকল করলে চার বছরের জন্য পরীক্ষায় নিষেধাজ্ঞা: এনইউ-এর কঠোর সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার শৃঙ্খলা নিশ্চিত করতে কড়া সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষায় নকলসহ যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর চলমান পরীক্ষা বাতিলের পাশাপাশি চার বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে।

শনিবার (৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে। প্রশ্নফাঁস, নকল বা অসদুপায় অবলম্বনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিতভাবে পরীক্ষায় অসদুপায় হিসেবে গণ্য করা বিভিন্ন কর্মকাণ্ডের তালিকা দিয়েছে। এর মধ্যে রয়েছে—পরীক্ষার হলে একে অপরের সঙ্গে কথা বলা, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, অনুমোদনহীন কাগজপত্র বহন ও সেখান থেকে লেখা, বেঞ্চ বা শরীরের বিভিন্ন স্থানে লেখা থেকে উত্তর লেখা, অন্যের রোল নম্বর ব্যবহার করা, প্রশ্নপত্র বাইরে পাচার, ইনভিজিলেটরকে বাধা দেওয়া, পরীক্ষার হলে বিশৃঙ্খলা সৃষ্টি বা আসবাবপত্র ভাঙচুর ইত্যাদি।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই ধরনের যেকোনো অপরাধ প্রমাণিত হলে পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট বছরের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে এবং সর্বোচ্চ চার বছরের জন্য পরীক্ষার সুযোগ বাতিল করা হতে পারে। এ ছাড়া অপরাধ যদি নির্দিষ্ট শাস্তির তালিকায় না পড়ে, তবে পরীক্ষা শৃঙ্খলা কমিটি অপরাধের প্রকৃতি বিবেচনায় উপযুক্ত শাস্তির সুপারিশ করতে পারবে।

এমন নির্দেশনার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কঠোর অবস্থান নিয়েছে, যাতে পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।