বিনোদন

আমি এখনো আওয়ামী লীগকে সমর্থন করি: অভিনেতা সিদ্দিক


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:১৮ এএম

আমি এখনো আওয়ামী লীগকে সমর্থন করি: অভিনেতা সিদ্দিক
ছবি: সংগৃহীত

নাট্যকার ও অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, তিনি এখনো নিজেকে আওয়ামী লীগ সমর্থক হিসেবেই দেখেন। তবে তিনি দাবি করেন, কোনো ধরনের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বা অন্যায়ের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

মঙ্গলবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেতা। তিনি জানান, অতীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র চেয়েছিলেন এবং সেই সমর্থনের অবস্থান থেকে এখনো সরে আসেননি।

সিদ্দিকুর রহমান বলেন, তিনি পেশাদার রাজনীতিক নন; মূল পরিচয় একজন নাট্যকার, অভিনেতা ও নির্মাতা হিসেবে। তার মতে, কোনো রাজনৈতিক দলের মনোনয়ন চাওয়া মানেই সেই দলের সব কর্মকাণ্ডের দায় নিজের ওপর নেওয়া নয়।

তিনি আরও বলেন, নাগরিক হিসেবে মত প্রকাশের অধিকার তার রয়েছে এবং তিনি কখনো কারও ক্ষতি করার উদ্দেশ্যে কাজ করেননি। বরং মানবিক অবস্থান থেকেই কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের মনোনয়নপত্র চাওয়ার বিষয়ে অনুতাপের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'পলিটিক্যাল জায়গা থেকে আমি কথা বলেছি, সেটুকু হলো যে নমিনেশন পেপার যখন চেয়েছিলাম আমি সেটার জন্য অনুতপ্ত একটা মাত্র কারণে।' সেই কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ চলে যাওয়া এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা হওয়াকে।

তিনি আরও বলেন, 'যেহেতু নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি যেহেতু তাদের সমর্থিত একটা মানুষ, আমার মনে হয় কার্যক্রম নিয়েও আমার কথা বলা উচিত না। কারণ সেটাও নিষিদ্ধ। অতএব আমি সেই ব্যাপারে তেমন কোনো মন্তব্য করতে চাই না। এটা আসলে যারা প্রফেশনালি রাজনীতি করেন তাদের জন্য। আমি এখনো প্রফেশনাল রাজনীতিক না।'