বিনোদন
বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন আসিফ আকবর
বাংলা সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ‘যুবরাজ’ খ্যাত আসিফ আকবর এবার নিজেকে তুলে ধরছেন এক ভিন্ন ভূমিকায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
বিসিবি নির্বাচন কমিশন ঘোষিত কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকায় উঠে এসেছে আসিফ আকবরের নাম। তফসিল অনুযায়ী, আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন।
গানের মঞ্চ থেকে এবার ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ নির্বাচনী মঞ্চে নাম লেখানো আসিফ আকবর জানান, ক্রিকেটের প্রতি তার ভালোবাসা বহুদিনের। ছোটবেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। যদিও খেলোয়াড় হিসেবে স্বপ্ন পূরণ হয়নি, তবে ক্রিকেটের প্রশাসনিক অঙ্গনে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত।
সম্প্রতি সংগীত জগতে আবারও সরব হয়েছেন আসিফ আকবর। গত বছরের আগস্ট থেকে তিনি নতুন গান প্রকাশ, স্টেজ শো এবং দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।