পরিবেশ-জলবায়ু

ভয়াবহ বন্যার শঙ্কায় ৩০ জেলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৭:২৩ পিএম

ভয়াবহ বন্যার শঙ্কায় ৩০ জেলা
ছবি: সংগৃহীত

আগস্ট-সেপ্টেম্বর মাসে বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশঙ্কা করা যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। এই বন্যায় ২০ থেকে ৩০টি জেলা প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বন্যার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

ফেসবুক পোস্টে এই আবহাওয়াবিদ জানান, বাংলাদেশে বর্ষাকালের প্রকৃত একটি বন্যার আশঙ্কা করা যাচ্ছে। ২০২০ সালের পরে প্রকৃতপক্ষে দেশব্যাপী বড় কোনো বন্যা হয়নি। ২০২২ সালে সিলেট বিভাগে ও ২০২৪ সালে চট্টগ্রাম বিভাগে যে বন্যা হয়েছিল, তা ছিল ফ্ল্যাড-ফ্ল্যাড বা পাহাড়ি ঢল। বর্ষাকালের স্বাভাবিক বন্যা বলতে বোঝানো হয় ভারতের গঙ্গা নদী অববাহিকা হয়ে বাংলাদেশের পদ্মা নদীর মধ্যে প্রবেশ করে উপকূলবর্তী জেলাগুলো প্লাবিত হওয়া। একই ভাবে তিস্তা-ব্রহ্মপুত্র-যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া।

পলাশ জানান, আশঙ্কা করা হচ্ছে ২০২০ সালের পরে ২০২৫ সালে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী ২০ থেকে ৩০টি জেলা বন্যার পানিতে প্লাবিত হওয়ার। সম্ভাব্য এই বন্যাটি আগস্ট মাসের ১৫ তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে পদ্মা, যমুনা, তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জেলাগুলোর ওপরে দিয়ে অতিক্রম করতে পারে।

পোস্টের শেষ দিকে ‘বিশেষ দ্রষ্টব্যের’ অংশে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কার সাপেক্ষে তথ্য-প্রমাণসহ যুক্তি উপস্থাপন করে ‘আবহাওয়া ডটকম’ ওয়েবসাইটে প্রকাশিত গবেষণাধর্মী একটি পোস্টের কথাও জানিয়েছেন তিনি।