পরিবেশ-জলবায়ু

বজ্রপাতের বিশেষ সতর্কতা, সবচেয়ে বেশি ঝুঁকিতে যেসব জেলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

বজ্রপাতের বিশেষ সতর্কতা, সবচেয়ে বেশি ঝুঁকিতে যেসব জেলা
ছবি: সংগৃহীত

দেশের আকাশে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি আসছে তীব্র বজ্রপাতের সতর্কতা। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে।

বিডব্লিউওটি জানায়, এসব এলাকায় বৃষ্টিপাতের সময় তীব্র বজ্রপাতের প্রবণতা থাকবে। একেক মিনিটে ৮০ থেকে ১০০টির বেশি বিদ্যুৎ চমক দেখা যেতে পারে। একইসঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ বার বজ্রপাত হতে পারে। যথাযথ সতর্কতা অবলম্বন না করলে এ ধরনের পরিস্থিতি প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে।

সংস্থাটি জনগণকে সতর্ক করে জানায়, বজ্রবৃষ্টির লক্ষণ দেখা মাত্রই নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে। বিশেষ করে খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে অবস্থান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বজ্রপাতের ঝুঁকি এড়াতে তারা সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার অনুরোধ জানিয়েছে।