সারাবিশ্ব
ভারতে বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে বিমান বিধ্বস্ত, নারী পাইলট আহত
ভারতের উত্তর প্রদেশের কাসগঞ্জ জেলায় জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে। এতে বিমানটিতে থাকা একমাত্র আরোহী নারী প্রশিক্ষণার্থী বৈমানিক আহত হন। পরে স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আলিগড়ের একটি বৈমানিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ছোট প্রশিক্ষণ বিমানটি কাসগঞ্জের একটি নির্মাণাধীন মহাসড়কের পাশে মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল। অবতরণের আগমুহূর্তে বিমানটি ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে ওই নারী বৈমানিক ছাড়া আর কেউ ছিলেন না।
জানা গেছে, এটি এক ইঞ্জিনবিশিষ্ট ও দুই আসনের প্রশিক্ষণ বিমান, যা নতুন বৈমানিকদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়ে থাকে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা তদন্ত শুরু করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী প্রশিক্ষণার্থী একক প্রশিক্ষণ উড্ডয়নে ছিলেন। জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। তবে তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।