আইন আদালত

বিস্ফোরক মামলায় ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতাদের অব্যাহতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৩:০৫ পিএম

বিস্ফোরক মামলায় ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতাদের অব্যাহতি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় ৬৫ নেতাকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রফিকুল ইসলাম খান।

অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও বিএনপি নেতা আমিনুল হক এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ অনেকে।

২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা রমনা থানা এলাকায় জড়ো হন। এ সময় গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এর তিন দিন পর, ৩১ অক্টোবর রমনা থানার এসআই আউয়াল বাদী হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে গত বছরের ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মামুন হাসান আদালতে দুটি পৃথক চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে মির্জা ফখরুলসহ মোট ৬৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।

পরবর্তীতে ২০২৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এবং বিএনপি নেতাদের অব্যাহতি দেন। একই সঙ্গে বিস্ফোরণ আইনের মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। আজ সেই প্রতিবেদন গ্রহণ করে আদালত আনুষ্ঠানিকভাবে বিএনপি মহাসচিবসহ শীর্ষ নেতাদের অব্যাহতির আদেশ দেন।

এ রায়ের ফলে বিএনপির মহাসচিবসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা বহুল আলোচিত এই মামলার কার্যক্রম থেকে তারা মুক্তি পেলেন।