আইন আদালত

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-নাসরিনের ৫ বছরের কারাদণ্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-নাসরিনের ৫ বছরের কারাদণ্ড
রাসেল-নাসরিন। ছবি: সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আদালতের বেঞ্চ সহকারি নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী সাদিকুর রায়হান ২০২১ সালের ২০ মার্চ তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। 

নির্ধারিত সময় সীমার মধ্যে মোটরসাইকেলগুলো বাদীকে হস্তান্তর করতে ব্যর্থ হন। এরপর  বাদীকে সিটি ব্যাংকের দুইটি চেক প্রদান করেন। বাদী ২০২২ সালের ১২ এপ্রিল চেক দুইটি নগদায়ন করতে গেলে তা ফেরত আসে। এ ঘটনায় ২০২৩ সালের ২৬ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে সাদিকুর রায়হান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে।