আইন আদালত
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ রায় ঘোষণার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন। আলোচিত এ মামলাটি মাত্র ১৯ দিনের মধ্যেই বিচারিক কার্যক্রমের শেষ ধাপে পৌঁছেছে, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং মরদেহ গোপনের চেষ্টার অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে ২৪ মে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ১৮ জনকে সাক্ষী করা হয়। পরে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হলে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।
ঈদের ছুটি শেষে ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরদিন অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। এরপর আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
রাষ্ট্রপক্ষ আদালতের কাছে দুই আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অন্যদিকে আসামিপক্ষ শাস্তি লঘু করার আবেদন জানিয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে এবং এমন নৃশংস অপরাধ কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, রামিসা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে তাকে হত্যার পর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।