আইন আদালত
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করা হবে কি না, সে বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান পদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করায় ওই ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
বুধবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতের জারি করা রুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে না কেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান এ রিট আবেদন করেন।
রিটের শুনানিতে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বলেন, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রাম আদালত পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। গ্রাম আদালতে তিন লাখ টাকা পর্যন্ত মূল্যমানের মামলা নিষ্পত্তির ক্ষমতা রয়েছে চেয়ারম্যানের।
তিনি বলেন, একই ধরনের বিচারিক দায়িত্ব পালনের জন্য একজন বিচারিক কর্মকর্তাকে স্নাতক সম্পন্ন করে বিচার বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের ক্ষেত্রে বর্তমানে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নেই।
এই কারণে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে বলে জানান তিনি।