আইন আদালত
অস্ত্র ও হত্যা মামলায় সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে
চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচজনকে দুটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোতাসিম বিল্লাহ ফটিকছড়ি থানার অস্ত্র ও জামাল হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম হাটহাজারী থানার চাঁদাবাজির মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান জানান, অস্ত্র ও জামাল হত্যা মামলায় ডেভিড ইমনসহ পাঁচ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন আদালত গ্রহণ করেছেন।
পুলিশ জানায়, গত ১০ জানুয়ারি ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামের দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামায়াতকর্মী মুহাম্মদ জামাল নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া জবানবন্দিতে ডেভিড ইমনের নাম উঠে আসে। পরবর্তী তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, চাঁদাবাজির একটি মামলায় ডেভিড ইমনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় এলাকায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুর চালায় ডেভিড ইমনের অনুসারীরা। পরে আরও ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন।
এর আগে যশোর থেকে গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে বিভিন্ন মামলায় আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী।