জাতীয়
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন
জাতীয় পর্যায়ে পুরস্কার প্রদান প্রক্রিয়াকে আরও সুসংহত ও কার্যকর করতে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রেল ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
কমিটির কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব। এ ছাড়া স্বরাষ্ট্র, অর্থ, তথ্য ও সম্প্রচার, বাণিজ্য, সংস্কৃতি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরাও প্রয়োজন অনুযায়ী সহায়তা করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটির প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে- জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত প্রস্তাব যাচাই-বাছাই করা, বিদ্যমান বিভিন্ন জাতীয় পুরস্কারের ক্রম নির্ধারণ এবং প্রয়োজনে তা পরিবর্তনের বিষয়ে সুপারিশ করা। পাশাপাশি নতুন জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রস্তাব পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ করাও কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বের অন্তর্ভুক্ত।
কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কমিটির গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে পরিবীক্ষণ করবে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে কমিটির সার্বিক সাচিবিক সহায়তাও প্রদান করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
সরকারি সূত্র বলছে, এই কমিটির মাধ্যমে জাতীয় পুরস্কার প্রদানের নীতিমালা ও প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, শৃঙ্খলা ও সমন্বয় আসবে বলে আশা করা হচ্ছে।