জাতীয়

একসঙ্গে বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম

একসঙ্গে বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানের পর কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকা ৫৭ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) তিন কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন- ৩৩তম বিসিএস ব্যাচের মিশু বিশ্বাস ও জুয়েল চাকমা এবং ৩৬তম বিসিএস ব্যাচের মাহমুদুল হাসান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৫৭ জনের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে, যার মধ্যে প্রথম ধাপে তিনজনকে বরখাস্ত করা হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরখাস্তের তালিকায় আরও রয়েছেন সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নূরে আলম মিনা, মো. আনিসুর রহমান, এ কে এম এহসানউল্লাহ, বিপ্লব বিজয় তালুকদার এবং টুটুল চক্রবর্তীসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

এ তালিকায় সাবেক যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একাধিক কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বাকি কর্মকর্তাদের বিরুদ্ধেও ধাপে ধাপে একই ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।