জাতীয়
রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
সরকারের সমালোচনা কিংবা সরকারের বিরুদ্ধে বক্তব্য ও ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না। তবে রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে করণীয় নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বলা বা ন্যারেটিভ তৈরি করলেও এ কারণে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি হলে তা কঠোরভাবে দমন করা হবে।
তিনি জানান, সাইবার সুরক্ষা আইন সংশোধনের কাজ চলছে। এ বিষয়ে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনটিকে আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা চলছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, সংশোধিত সাইবার সুরক্ষা আইনে নারী ও শিশুর সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সাইবার বুলিং, মানহানিকর প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে অপপ্রচারের কারণে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনে প্রয়োজনীয় বিধান রাখা হবে।
আইনটি চূড়ান্ত করার আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে ব্যাপক জনপরামর্শ নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে আইনটির যাতে অপব্যবহার না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ঠেকাতে সচেতনতা ও নৈতিক শিক্ষার প্রসারে উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ও রিলস তৈরি করবে।
এসব কনটেন্ট স্কুল-কলেজসহ বিভিন্ন পর্যায়ে প্রচারের পাশাপাশি তথ্য অফিস ও সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছেও পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।