জাতীয়

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

ব্যবসা-বাণিজ্যে তরুণ উদ্যোক্তাদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে বিকল্প জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সোমবার ৫ অক্টোবর বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

এ সময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে স্বল্প সুদে ব্যাংক ঋণ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই উদ্যোগের ফলে রাজশাহী ও উত্তরাঞ্চলের মতো পিছিয়ে থাকা এলাকায় শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরি হয়েছিল। গড়ে উঠেছিল নতুন কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান। এটি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ।

সাক্ষাৎকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আসন্ন বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

ঢাকা চেম্বারের প্রতিনিধিরা জানান, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে তারা কাজ করছেন। সরকারের সঙ্গে সমন্বয় করে আগামী দুই বছরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সমস্যাগুলো সমাধান করে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় তারা রাষ্ট্রপতির কাছে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ বারবার সংগ্রাম করেছে, লড়াই করেছে এবং প্রাণ দিয়েছে। কিন্তু গণতন্ত্র অর্জনের পর তা প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা ব্যর্থ হয়েছি। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সুবিধার অপব্যবহার করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিগত সময়ে লুটপাটতন্ত্র প্রতিষ্ঠার কারণে দেশ পিছিয়ে পড়েছিল এবং ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। ব্যক্তিগত লোভের কারণে ব্যাংকিং খাতও ধ্বংস করে দেওয়া হয়েছিল।

এ সময় সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যবসায়ীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং ঢাকা চেম্বারের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।