রাজনীতি
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক জামায়াতের প্রার্থী
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হচ্ছেন কর্নেল (অব.) জেহাদ খান। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। চিকিৎসক হিসেবে পরিচিত এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জানান, অল্প সময়ের মধ্যে স্থানীয় মানুষের মধ্যে তিনি ভালো জনপ্রিয়তা অর্জন করেছেন এবং মনোনয়ন প্রক্রিয়ায় ইতিবাচক সাড়া পাচ্ছেন।
এই আসনের পূর্বের সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু। ৫ আগস্টের পর বিভিন্ন মামলার আসামি হওয়ায় তিনি বর্তমানে রাজনৈতিকভাবে কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছেন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নিলে তিনি আবারও এই আসন থেকেই লড়াই করতে চান।
বিএনপির পক্ষ থেকে কিশোরগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক। তিনি সর্বশেষ ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের সময়ে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ এনে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে কাটিয়ে ফিরে এবার তিনি আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।