রাজনীতি

নির্বাচিত সরকারের অপেক্ষায় বিনিয়োগকারীরা: আমীর খসরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৭:২৭ পিএম

নির্বাচিত সরকারের অপেক্ষায় বিনিয়োগকারীরা: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নির্বাচিত প্রতিনিধি না থাকায় প্রশাসন কাঠামোর কার্যকারিতা কমে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‌‘দেশের বিনিয়োগকারীরা এখন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে।’

রবিবার (২৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, “জুলাই আন্দোলনকে সফল করতে হলে জনগণের ভোটের মাধ্যমে একটি বৈধ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই আন্দোলন হাইজ্যাক করার সুযোগ নেই। আমরা বিভাজন চাই না, চাই জনগণের অধিকার প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “যারা নির্বাচনে যেতে ভয় পায়, তাদের রাজনীতির প্রয়োজন নেই। তারা চাইলে প্রেসার গ্রুপ বা এনজিও হিসেবে কাজ করতে পারে। কিন্তু রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে গণতন্ত্র বাধাগ্রস্ত করা উচিত নয়।”

আলোচনায় আমীর খসরু দাবি করেন, “বাংলাদেশের মানুষের ডিএনএ-তে আন্দোলনের চেতনা আছে। শেখ হাসিনার পতনের পর দেশে নতুন রাজনৈতিক চেতনার সূচনা হয়েছে, যা মাথায় রেখেই রাজনৈতিক দলগুলোর এগিয়ে যাওয়া উচিত।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “বর্তমানে দেশে নির্বাচিত সরকার না থাকায় সরকারি কর্মকর্তারা জবাবদিহির বাইরে থেকে গেছেন। ফলে প্রশাসন অকার্যকর হয়ে পড়ছে, বিদেশি বিনিয়োগ থেমে যাচ্ছে।”

তিনি বলেন, “বিশ্বের বহু দেশ বিপ্লবের পর দ্রুত নির্বাচন দিয়ে উন্নয়নের পথে এগিয়েছে। আর যারা নির্বাচিত সরকার গঠনে দেরি করেছে, তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।”

সভা শেষে আমীর খসরু বলেন, “আমরা কোনো কৃতিত্বের লড়াইয়ে নামিনি। বিএনপি আন্দোলনের মূল বলয় হলেও তা নিয়ে কৃতিত্ব দাবি করছে না। আমাদের চূড়ান্ত লক্ষ্য—একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন।”