রাজনীতি
নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে: তারেক রহমান
বিএনপির সম্ভাব্য বিজয় ঠেকাতে যারা নানান শর্ত ও কৌশলের আশ্রয় নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।”
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। বক্তব্যে আসন্ন নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপিকে কেন্দ্র করে তৈরি হওয়া নানা জটিলতা নিয়ে সরব হন তিনি।
তারেক রহমান বলেন, “সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বললেও নির্বাচন ঘিরে নানা পক্ষের নতুন নতুন শর্ত ও প্রস্তাবনা জনমনে প্রশ্ন তুলছে। যে কারণে গণতন্ত্রের উত্তরণ সহজ হচ্ছে না।”
তিনি অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে— এমন আশঙ্কায় ‘পলাতক স্বৈরাচার’ নানা ষড়যন্ত্রে লিপ্ত। পাশাপাশি কিছু পক্ষ পরিকল্পিতভাবে বিএনপিকে ঠেকানোর রাজনীতিতে লিপ্ত বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির বিজয় ঠেকাতে যারা বিভিন্ন শর্তের বেড়াজাল তৈরি করছেন, তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “আমি আবারও বলছি— রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন। কৌশল ও চক্রান্তের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করবে।”
তারেক রহমান আরও বলেন, “বাংলাদেশের বর্তমান বাস্তবতা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির উপযোগী নয়। তবুও এ নিয়ে ভিন্নমত থাকতেই পারে, সেটাই রাজনৈতিক সৌন্দর্য। তবে সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।”
নির্বাচন ঘিরে যারা অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি নেতা বলেন, “গণতন্ত্রের পথে এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে করে ‘পলাতক স্বৈরাচার’ সুযোগ নিতে পারে। এ ধরনের চেষ্টাই গণতন্ত্রের উত্তরণে সবচেয়ে বড় বাধা।”
আগামী নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করে তারেক রহমান বলেন, “ধর্মীয় পরিচয়কে পুঁজি করে যাতে কেউ রাজনীতি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি সর্বদা সচেষ্ট।”