রাজনীতি
কোনও ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না: ছাত্রদল সভাপতি রাকিব
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদের ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সোমবার নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন এবং শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান।
রাকিব বলেন, “বিএনপি সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলামের আইডি সকালে একবার ডিজেবল করা হয়েছিল, পরে পুনরুদ্ধার করা হয়। কিন্তু আবারও তা ডিজেবল করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। আপনারা পাশে থাকলে কোনও ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না, ইনশাআল্লাহ।”
এদিকে, ছাত্রদলের অন্য এক সদস্য বলেন, “বাংলাদেশ বিরোধীরা কখনোই বিজয়ী হতে পারে না। বিজয় আমাদেরই হবে, ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আপনারাই পারেন স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে। আসুন, সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এবং দেশের পক্ষে থাকা জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকে ভোট দিয়ে সুন্দর বাংলাদেশ গঠনের শপথ গ্রহণ করি।”
ছাত্রদল নেতাদের মতে, আবিদের জনপ্রিয়তা ও ভিপি পদে সম্ভাবনাকে ব্যাহত করার জন্যই এ ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। তবে তারা বিশ্বাস করেন, শিক্ষার্থীদের সমর্থন ও ঐক্যবদ্ধ ভূমিকার কারণে কোনও ষড়যন্ত্রই সফল হবে না।