রাজনীতি

এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে: মির্জা ফখরুল (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম

এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে: মির্জা ফখরুল (ভিডিও)
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে! হায় হায়! কমপ্লিট সারেন্ডার করে ইবাদত করে ইমান এনে তাহলে কোনো লাভ নাই? এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “সবচেয়ে বেশি দুষ্টামি করছে যারা অতীতে বাংলাদেশকেই স্বীকার করে নাই। আমাদের কতজন মা-বোনকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে-এই হিসাব আমরা ভুলে যাইনি।”

তিনি বলেন, “অনেক ত্যাগের বিনিময়ে দেশ আজ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসেছে। সামনে নির্বাচন। যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।”

সংস্কার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, “বিএনপি আপনাদের প্রস্তাবের দুই বছর আগেই ৩১ দফা সংস্কার দিয়েছে। এখন সরকার সংস্কার নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। কিন্তু সংস্কার তো বিএনপির সন্তান।”

তিনি আরও বলেন, “সংস্কারের পক্ষে বিএনপি। তোমরা কারসাজি করেছো, বেইমানি করেছো-যেসব বিষয়ে আমরা একমত হইনি, সেগুলোও সংস্কারের মধ্যে ঢুকিয়েছো। তারপরও আমরা রাজি হয়েছি, ঠিক আছে।”

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “একটি অর্কেস্ট্রা চলছে-বিএনপির ল্যান্ডস্লাইড বিজয় ঠেকাতে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। যারা নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করছে, খোঁজ নিলে দেখা যাবে ভেতরে ভেতরে তাদের তিনটি আসনও নেই।”

তিনি বলেন, “এবারের ভোটই বলে দেবে-এই দেশে লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি থাকবে, নাকি উগ্রপন্থার রাজনীতি প্রতিষ্ঠিত হবে। আমরা ভোটের জন্য অপেক্ষা করছি।”