রাজনীতি
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম
ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন; যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি, এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না।
রোববার এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে তিনি বলেন, নির্বাচন পেছানো বা এ ধরনের কথাগুলো কেবলই গালগল্প। আসন সমঝোতা নিয়েও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।
‘বিপ্লবের পর জনগণের কাছে আমরা যাতে বলতে পারি- দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাববো’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।