রাজনীতি
শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা, ঐক্যের আহ্বান ইশরাকের
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘অতীতে ভুল থাকলেও সে বিষয়ে দলটি দেশে-বিদেশে অবস্থান ব্যাখ্যা করে ক্ষমা চেয়েছে। তাদের ভাষা সবার পছন্দ নাও হতে পারে। কিন্তু আমরা কি সেই বিভেদ আঁকড়ে ধরে জাতিকে আবারও বিভক্ত করে ধ্বংসের দিকে নিয়ে যাবো, যেমনটা বিগত সময় আওয়ামী লীগ করেছিল? নাকি ঐক্যবদ্ধ হয়ে দেশের সমস্যা সমাধান করবো, যেটা ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য?’
ইশরাক বলেন, ‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জায়গায় সবাই আসুক, এটাই প্রত্যাশা। তার মতে, অতীতের দ্বন্দ্ব সামনে রেখে নতুন করে সংঘাত সৃষ্টি না করে রাষ্ট্রকে এগিয়ে নেওয়াই এখন সময়ের দাবি।’
ইশরাক আরও বলেন, ‘একুশের প্রভাতফেরি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতে বিএনপির অংশগ্রহণ দীর্ঘদিনের। নানা বাধা, গ্রেফতার ও হয়রানির মধ্যেও তারা একুশকে ভুলে যাননি। বর্তমানে তুলনামূলক ভালো পরিবেশে শ্রদ্ধা জানানো সম্ভব হচ্ছে।’