রাজনীতি

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:১০ পিএম

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান
ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়িত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ থাকা প্রয়োজন ছিল। গণভোটের রায় কার্যকর করা হলে কর্নেল অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে তারা মনে করেন। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন করা হলে বিএনপিও বিতর্কের বাইরে থাকতে পারত বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠ দলই রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে। তবে এবার ১১টি দল একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এ নির্বাচনকে তিনি ব্যতিক্রমী বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত সুনিপুণভাবে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রচর্চায় নতুন ধারা তৈরির লক্ষ্যেই ১১ দল প্রার্থী দিয়েছে। এ ক্ষেত্রে জয়-পরাজয় তাদের কাছে মুখ্য নয়, বরং প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়াকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় সচিবালয়ে রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়েও আপত্তি জানান হামিদুর রহমান আযাদ।

তিনি অভিযোগ করেন, বিএনপি নানা কৌশলে সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।