রাজনীতি
এনসিপি নেতাদের মামলা বাণিজ্যের দায় ড. ইউনূসকে নিতে হবে: তারেক
আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা বাণিজ্য করছেন, আর এর পূর্ণ দায়ভার নিতে হবে ড. মুহাম্মদ ইউনূসকে।
তার দাবি, ড. ইউনূস এনসিপিকে সীমাহীন ক্ষমতা ও স্বাধীনতা দিয়েছেন, যা অপব্যবহার করে এই ধরনের প্রতারণা ও মামলা ব্যবসা চলছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনও দর্শকদের সামনে তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরে গত বছরের ৫ আগস্ট গুলিবিদ্ধ ১১ বছরের শিশু সোহাগকে ‘শহীদ’ বানিয়ে হত্যা মামলা করা হয়। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দায়ের হওয়া মামলায় ১১৮ জনকে আসামি করা হয়। কিন্তু চার মাস ছয় দিন পর জানা যায়, সোহাগ জীবিত। আদালতে হাজির হয়ে সে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
শিশুটির বাবা জহিরুল ইসলাম রাজু জানান, কেরানীগঞ্জের এনসিপি নেতা মো. শাহজাহান সম্রাট তাকে লোভ দেখিয়েছিলেন যে, সরকার আহত যোদ্ধাদের ৩০ লাখ টাকা ও চার কাঠা জমি দেবে। সেই প্রলোভনে রাজি হয়ে তিনি মামলায় স্বাক্ষর দেন। কিন্তু শেষ পর্যন্ত হত্যা মামলা সাজানো হয়, যা তাদের পরিবারের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। পরে সাহস করে আদালতে গিয়ে তারা সত্য তুলে ধরেন।
তারেক রহমান বলেন, “ড. ইউনূস স্যারকে জবাব দিতে হবে, তিনি যে ক্ষমতা এনসিপিকে দিয়েছেন, সেই ক্ষমতা ব্যবহার করে জীবিত মানুষকে মৃত বানিয়ে মামলা বাণিজ্য করা হচ্ছে। সমাজে লুটপাট ও অবিচারের জন্য এই দায় তাকে নিতেই হবে।”