রাজনীতি

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ৩ নেতার পদত্যাগ ও অব্যাহতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ৩ নেতার পদত্যাগ ও অব্যাহতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু। তাঁর সঙ্গে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাঈন আহমেদও। এ ছাড়া একই কারণ ও সাংগঠনিক বাস্তবতায় সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসুর দেওয়া পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পদত্যাগকারী নেতারা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন। একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্বে থাকলে সাংগঠনিক নীতি ও স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে, যা উভয় সংগঠনের ভাবমূর্তি ও কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মূলত এই বিষয়টি বিবেচনা করেই তাঁরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

কেন্দ্রীয় কমিটি তাঁদের রাজনৈতিক অবস্থান ও পদত্যাগের কারণ পর্যালোচনা করে পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। অন্যদিকে, একই প্রেক্ষাপটের কারণে সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের সব দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।