প্রবাস

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি বেলাল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:১৯ পিএম

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি বেলাল
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি নাগরিক লটারি ড্রয়ে জিতে নিয়েছেন আড়াই কোটি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি ৫০ লাখ টাকারও বেশি (প্রতি দিরহাম ৩৩ টাকা ৪০ পয়সা ধরে)। এই বিপুল অর্থ জিতে আলোচনায় উঠে এসেছেন মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল।

প্রভাবশালী ইংরেজি দৈনিক গালফ নিউজ-এর খবরে জানানো হয়, আবুধাবির জনপ্রিয় বিগ টিকিট র‌্যাফেল ড্রয়ের সর্বশেষ গ্র্যান্ড প্রাইজ জিতে এই অর্থ পেয়েছেন বেলাল। এই র‌্যাফেল ড্রয়ের ইতিহাসে এটি অন্যতম বড় জ্যাকপট জয়।

গত ২৪ জুন বেলাল ০৬১০৮০ নম্বর টিকিটটি ক্রয় করেছিলেন। ৩ জুলাই অনুষ্ঠিত ড্রতে তার টিকিট নম্বরটি ঘোষিত হলে বিপুল অঙ্কের এই পুরস্কারটি তার ভাগ্যে জোটে।

তবে ড্রয়ের সময় উপস্থাপক রিচার্ড ও বুশরা বিজয়ী বেলালের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি কল ধরেননি। আয়োজকরা জানিয়েছেন, তারা এখনো তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আবুধাবির এই বিগ টিকিট র‌্যাফেল ড্রটি সংযুক্ত আরব আমিরাতে অত্যন্ত জনপ্রিয়। প্রতিমাসেই নানা প্রান্ত থেকে বহু প্রবাসী এতে অংশগ্রহণ করেন। আগের মাসে এই লটারিতে এক আরব আমিরাতের নাগরিক ২ কোটি দিরহাম এবং অপর এক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জিতেছিলেন।

এমন জয়ের খবরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেলালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তবে এখনো পর্যন্ত বেলাল নিজে কোনো প্রতিক্রিয়া জানাননি বা প্রকাশ্যে আসেননি।