প্রবাস

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়ালো ৫১ হাজার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়ালো ৫১ হাজার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত প্রবাসীরা ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন করেছেন সাড়ে ৫১ হাজারের বেশি। এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১৯ নভেম্বর এবং চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত মোট ৫১,৭২২ প্রবাসী ভোটার অ্যাপে নিজেকে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়ে নিবন্ধনকারীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে। ভোটাররা ভোট দিয়ে ফেরত খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

নিবন্ধন যে দেশগুলোতে চলছে তার মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র প্রভৃতি।

এছাড়া, বাংলাদেশে বসবাসরত ভোটাররা ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংস্থাটি মোট ৫০ লাখ প্রবাসীর ভোট টানার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।